চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন ইউপি সদস্য প্রার্থী আব্দুস সালাম।
শনিবার সকালে তিনি নিজ উদ্যোগে ও নিজ উপস্থিতিতে উধামদী থেকে ছোট হলদিয়া পর্যন্ত সড়কের পাশে বেড়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কারের কাজ করেন। দীর্ঘদিন ধরে সড়কের পাশে ঝোপঝাড় থাকায় যানবাহন চলাচলের সময় দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। এমন পরিস্থিতিতে সড়কটি নিরাপদ রাখতে তিনি এ উদ্যোগ নেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, “এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সড়কের পাশে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই কারও অপেক্ষা না করে নিজ উদ্যোগে পরিষ্কারের কাজ শুরু করেছি।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ৩ নম্বর ওয়ার্ডের রাস্তা-ঘাটসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
স্থানীয়রা জানান, সড়কের পাশে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে নানা সমস্যা হচ্ছিল। বিশেষ করে বাঁক ও সংকীর্ণ অংশগুলোতে বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দেখা যেত না। আব্দুস সালামের উদ্যোগে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার হওয়ায় চলাচলের পরিবেশ কিছুটা নিরাপদ ও স্বাভাবিক হয়েছে বলে জানান তারা।
স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনসাধারণের চলাচলের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST