দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে গত পাঁচ মাসে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশু টিকা পেয়েছে। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় যা প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, টিকাদানের অগ্রগতি পৌঁছেছে ১০৯ দশমিক ৮ শতাংশে।
চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার ধাপে ধাপে জরুরি টিকাদান শুরু করে। প্রথম দফায় ৫ এপ্রিল ১৮ জেলার ৩০ উপজেলায় কর্মসূচি চালু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ এই চার সিটি করপোরেশনে টিকাদান শুরু হয়। এরপর ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে তৃতীয় দফার কর্মসূচি চালু করা হয়, যা এখনো চলছে।তবে দেশে হামের প্রাদুর্ভাব পুরোপুরি না কমায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবারও ব্যাপক পরিসরে টিকা ক্যাম্পেইন শুরুর প্রস্তুতি নিয়েছে সরকার।
প্রাথমিকভাবে সারা দেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশু। বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮, চট্টগ্রামে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪, ঢাকায় ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ এবং সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।
সিটি করপোরেশনগুলোর মধ্যে বরিশালে ৪৪ হাজার ১১৯, চট্টগ্রামে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩, ঢাকা উত্তরে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮, ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২, গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭, খুলনায় ৯৬ হাজার ৭৯২, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯, রংপুরে ৮২ হাজার ২৫৩ এবং সিলেটে ৭২ হাজার ৩৪৯ শিশু টিকা নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়ার ঘোষণা সরকারের বাড়তি তৎপরতার অংশ। এর মূল লক্ষ্য কোনো শিশুই যেন টিকার আওতার বাইরে না থাকে।
সূত্রঃ বাসস
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST