‘আলোকিত সমাজ গড়তে আমরা ঐক্যবদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দুস্থ, গরিব ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে গুড বন্ডিং অর্গানাইজেশন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ দাশের বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কয়েকটি গ্রামের দেড় শতাধিক অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ২০১৮ সালে একঝাঁক উদ্যমী তরুণদের উদ্যোগে গুড বন্ডিং অর্গানাইজেশনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছরই তারা ইফতার সামগ্রী বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল—পেঁয়াজ, আলু, চিনি, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, খেজুর, চাল ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। পাশাপাশি দেশ ও এলাকার কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম বলেন, “দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু রমজানেই নয়, সারা বছর আমরা শিক্ষা উপকরণ বিতরণ, ঈদ সামগ্রী প্রদান, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে সহযোগিতা, মাদকের বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম, মসজিদ-মাদরাসা ও ওয়াজ মাহফিলে অনুদান, কবরস্থান পরিষ্কার ও রাস্তা মেরামতসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকি।”
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমিন ভূঁইয়া বলেন, “সকলের সহযোগিতায় আমরা একটি বৈষম্যহীন, আলোকিত সমাজ গড়ে তুলতে চাই।”
সভাপতি ডা. আবু সুফিয়ান বলেন, “প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই মহতী উদ্যোগ বাস্তবায়নে প্রবাসী, চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইদের আন্তরিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
এ সময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, ইউপি সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি: চাঁদপুরের মতলব উত্তরে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে গুড বন্ডিং অর্গানাইজেশন