গোপালগঞ্জের মুকসুদপুরে সংঘটিত অপহরণ ও গণধর্ষণ মামলার আত্মগোপনে থাকা ভিকটিমকে উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভিকটিম পলি আক্তার (স্বামী: সাইফুল ইসলাম, পিতা: মমজেদ শেখ) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামের বাসিন্দা। তার বাবার বাড়ি বরইহাট গ্রামে হলেও বিয়ের পর তিনি তার দ্বিতীয় স্বামীর বাড়ি শ্রীনগরের হাঁসাড়া গ্রামে বসবাস করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে বরইহাট গ্রামের বাবার বাড়ির সামনে অবস্থিত একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে তিনজন ব্যক্তি জোরপূর্বক পলি আক্তারকে অপহরণ করে। পরবর্তীতে তাকে সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয় এবং অবৈধভাবে আটকে রাখা হয়।
দীর্ঘদিন মেয়ের কোনো সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা মমজেদ শেখ গত ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মুকসুদপুর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং–০৯ হিসেবে নথিভুক্ত করা হয়।
এরপর মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ১৯ জানুয়ারি রাতে শ্রীনগর থানার পুলিশের সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামে ভিকটিমের স্বামীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় ভিকটিমকে সেখান থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে নিরাপদে শ্রীনগর থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে মুকসুদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ভিকটিম ও তার পিতাকে নিয়ে পুলিশ নিরাপদে মুকসুদপুর থানায় পৌঁছায়।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভিকটিমকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST