মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মোঃ রফিক শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ছোট পিকআপ, লোহার কাটার, স্টিলের রেঞ্জ, দুটি হাতুড়ি ও লোহার চেইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে লৌহজং থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কনকসার বাজারে মনির শেখের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান এসআই রাজীব সরকার। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে রফিক শেখকে আটক করা হয়।
গ্রেপ্তার রফিক শেখ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের জজবাড়ী এলাকার মৃত হযরত আলীর ছেলে। তাঁর কাছ থেকে একটি নীল রঙের ছোট পিকআপ, ১৮ ইঞ্চি লম্বা লোহার কাটার, ৮ ইঞ্চি লম্বা স্টিলের রেঞ্জ, দুটি লোহার হাতুড়ি এবং ২৬ ইঞ্চি লম্বা একটি লোহার চেইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST