ত্রিশাল, ময়মনসিংহ ১৫ জুলাই ২০২৬
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও প্রথমবারের মতো টিএসসি অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বুধবার (১৫জুলাই) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, পতাকা উত্তোলন, বৃক্ষরোপন, বেলুন অবমুক্তকরণ ও পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ে আগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অতিথিবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০৭(ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবুর রহমান (এমপি), বিশ্বিবদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য বলেন, ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ত্রিশালে কবি নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। তিনি ২০০৫ সালের ০১ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০০৬ সালের ২৫মে শুভ উদ্বোধন করেন। এত দ্রুত সময়ে আর কোন বিশ্ববিদ্যালয় হয়েছে বলে আমার জানা নেই। তিনি প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ যারা অবদান রেখেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের পঠন, পাঠন ও গবেষণার উপযুক্ত পরিবেশ রয়েছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সবাই মেধাবী ও অধ্যবসায়ী। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, সবাই সমান। ঠিক যেন কবি নজরুলের আদর্শে সবাই মানুষ, কোনো ভেদাভেদ নেই। আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পড়াশোনার পাশাপাশি তোমাদের এক্সট্রা কারিকুলারেও দক্ষ হতে হবে।
সভাপতি হিসেবে জাককানইবি উপাচার্য বলেন, উদ্ভাবন হলো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের মানদণ্ড। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, অথচ এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো এখনো চালু হয় নি। তবে আমরা স্বল্প সময়ের মধ্যে একটা স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পথেই এগিয়ে নিয়ে যাচ্ছি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। প্রতিযোগিতা এখানেই শেষ নয়, বন্ধুর পথ পাড়ি দিয়ে যেতে হবে বহুদূর।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে দুজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST