বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুল সাত্তার। গত বৃহস্পতিবার বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসাইন তুষার সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফুটবলের সম্পর্ক উন্নয়ন, নতুন অংশীদারিত্ব সৃষ্টি এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে আব্দুল সাত্তার দায়িত্ব পালন করবেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় আব্দুল সাত্তার প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার মানুষের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকায় স্থানীয়ভাবে তিনি বেশ পরিচিত।
বাফুফের এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তার নতুন দায়িত্ব বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক যোগাযোগ ও অংশীদারিত্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST