আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মাঠে নেমেছে নেত্রকোনা জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার দূরদর্শী দিক-নির্দেশনায়, গত কাল ২৬ তারিখ এক বিশেষ নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়।
পবিত্র ঈদকে কেন্দ্র করে শহর জুড়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা ও চলাচল করতে পারে, তা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল ২৬ তারিখ নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম পুরো শহর প্রদক্ষিণ করে। এই নিরাপত্তা টহলে মডেল থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যের পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকায় পুলিশের এই সরব উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু নিরাপত্তা নয়, ঈদের আগে শহরের যানজট নিরসন করে ঈদযাত্রাকে আনন্দময় করাই পুলিশের এই মহড়ার মূল লক্ষ্য। নিয়মিত টহলের পাশাপাশি পুলিশের এমন তৎপরতা সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। শহরের ব্যবসায়ীরা বলছেন, পুলিশের এমন কঠোর অবস্থানের ফলে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে এবং উৎসবের আমেজ বজায় থাকবে।
নেত্রকোনা মডেল থানা পুলিশের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ প্রশাসন জানিয়েছে, ঈদ পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি অব্যাহত থাকবে, যাতে প্রতিটি নাগরিক নিরাপদে ও শান্তিতে ঈদ উদযাপন করতে পারেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST