মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর কাজীর পাগলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর উত্তর থানার ওজন স্টেশনের সামনে মাওয়ামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা দিলে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় বাসের চালক ভেতরে আটকা পড়ে যান।
বুধবার ১৫ এপ্রিল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করে বাসের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন— চালক সাগর (৩৫), চুয়াডাঙ্গা; সুপারভাইজার সাজেদুল ইসলাম (২৭), পিতা আসাদুল, কেশবপুর, মহেশপুর, ঝিনাইদহ; রাব্বি (২০), পিতা হান্নান, ফরিদপুর; রাব্বি (২১), পিতা রবিউল, ঝিনাইদহ; এবং শিহাব (২০), পিতা শরিফুল, ঝিনাইদহ।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাসটি হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST