লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে ব্লক সড়ক নির্মাণের ফলে সাধারণ মানুষের যাতায়াতে এসেছে স্বস্তি ও গতি। আগে কাঁচা কিংবা ক্ষতিগ্রস্ত পিচঢালা সড়কের কারণে যেখানে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো, সেখানে এখন আধুনিক ব্লক সড়ক গ্রামীণ জীবনযাত্রাকে করেছে অনেক সহজ ও আরামদায়ক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রায় ২০ কিলোমিটার ব্লক সড়ক নির্মাণ করা হয়েছে। এসব সড়ক টেকসই হওয়ায় দীর্ঘদিন ব্যবহার উপযোগী এবং যেকোনো মৌসুমেই চলাচলের জন্য সুবিধাজনক।
স্থানীয়রা জানান, বৃষ্টি হলেই আগে রাস্তা কাদায় পরিণত হতো, যান চলাচল ব্যাহত হতো। এখন ব্লক সড়ক হওয়ায় সেই দুর্ভোগ আর নেই। শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের জন্য যাতায়াত অনেক সহজ হয়েছে।
বশিকপুর ইউনিয়নের বাসিন্দা মাওলানা মোরশেদ আলম বলেন, “আগে রাস্তায় চলাচল ছিল কষ্টকর। এখন ব্লকের রাস্তা হওয়ায় খুব স্বস্তিতে চলাচল করা যায়, সময়ও বাঁচে।”
পার্বতীনগর এলাকার ভ্যানচালক কিরন বলেন, “এই সড়কে গাড়ি চালাতে ঝামেলা কম, আয়ও বেড়েছে। আগে যেখানে যেতে ভয় লাগত, এখন সহজেই যাওয়া যায়।”
ব্যবসায়ীরাও বলছেন, উন্নত সড়ক যোগাযোগের কারণে পণ্য পরিবহন দ্রুত হচ্ছে, খরচ কমছে এবং ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে।
উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম বলেন, “ব্লক সড়ক নির্মাণের মাধ্যমে আমরা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে কাজ করছি। এটি পরিবেশবান্ধব ও টেকসই হওয়ায় মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে।”
সব মিলিয়ে ব্লক সড়ক নির্মাণের ফলে লক্ষ্মীপুরের গ্রামীণ জনপদে কমেছে ভোগান্তি, বেড়েছে চলাচলের সুবিধা ও জীবনের গতি—যা গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST