আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গরুবাহী যানবাহনের চাপ বেড়েছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশুবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন এই নৌরুট হয়ে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে যাচ্ছে।
ব্যবসায়ী ও চালকরা জানান, ঢাকা সংলগ্ন গাবতলী, মিরপুর, উত্তরা ও আরিচাসহ বিভিন্ন পশুর হাটে কম সময়ে এবং সহজে পৌঁছানো যায় বলেই তারা দৌলতদিয়া-পাটুরিয়া রুটটি ব্যবহার করছেন। তবে ঈদ যত ঘনিয়ে আসছে, গরুবাহী ট্রাকের চাপ ততই বাড়ছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে সচল ফেরিঘাটের সংখ্যা কম থাকায় চালকদের ঘাটে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে। ভোগান্তি এড়াতে তারা দ্রুত ঘাট সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ্উদ্দীন জানান, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরিঘাট সচল রয়েছে। পাশাপাশি ৫নং ঘাটটি সচল করার কাজ দ্রুত এগিয়ে চলছে, যা খুব শীঘ্রই চালু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে। পশুবাহী গাড়ির চাপ আরও বাড়লে বহরে আরও ৪টি ফেরি যুক্ত করা হবে। তবে ঘাটে যেন ব্যবসায়ীদের কোনো ভোগান্তি না হয়, সেজন্য বর্তমানে গরুবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST