মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট নয়াকান্দি এলাকা থেকে একটি পিকআপ চুরির ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে রাজৈর থানা পুলিশ। অভিযানে চুরি হওয়া একটি পিকআপসহ আরও দুটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি টেকেরহাট নয়াকান্দি এলাকা থেকে একটি পিকআপ চুরির অভিযোগ পাওয়া গেলে রাজৈর থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই পিকআপগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার ফারুক নামের এক গ্যারেজ ব্যবসায়ী এবং নড়াইল জেলার নয়াগাতি উপজেলার অন্তর বিশ্বাস।
পুলিশ জানায়, উদ্ধারকৃত পিকআপগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। চোরচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে।
রাজৈর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাই যানবাহার চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST