সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আফজাল মিয়া, গণি মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান বন্ধ করতে হবে। একইসঙ্গে নতুন লাইসেন্স প্রদান, পৌর এলাকার বাইরে বিতরণকৃত লাইসেন্স যাচাই-বাছাইপূর্বক জব্দ বা বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্স প্রদানের অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।
বক্তারা আরও বলেন, এই পৌর শহরে অটোরিকশার মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে জড়িত। তাদের কষ্টার্জিত উপার্জন দিয়েই পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বর্তমানে পৌর প্রশাসনের অভিযান, লাইসেন্স সংক্রান্ত জটিলতা ও বৈষম্যের কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের পেশায় বাধা দেওয়া হলে হাজারো পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে।
তাই সরকার ও প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়ে বক্তারা অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ পৌর প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে পৌর প্রশাসক তা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন তারা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST