গত ৩০/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১.৩০ ঘটিকায় রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন মুন্সীরটেক করাতিটোলা মোড় সংলগ্ন এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে মাদকসহ আসামিদের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে মুন্সীরটেক এলাকার একটি ব্যবসায়িক অফিসের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরস্পরের দিকে গুলি ছোড়ে। এতে কয়েকজন পথচারী গুলিবিদ্ধ হন এবং দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। সংঘর্ষের একপর্যায়ে একটি ব্যবসায়িক অফিসে হামলা, কাচের দরজা ও টেলিভিশন ভাঙচুর করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৭/০৯/২০২৬ তারিখ রাত অনুমানিক ১৯.৩০ ঘটিকায় গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার থানাধীন সুত্রাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত মোহম্মদ শাহীন (৩৪), পিতা- মোহাম্মদ ফিরোজ, সাং- ৩৯, করাতি টোলা, থানা- সুত্রাপুর, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১০ রাজধানীতে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST