শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাগুরা-২ আসনের বিএনপি নেতা মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ। এ সময় তিনি পূর্বের ধারাবাহিকতায় বিনোদপুর দত্তপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শন ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপি নেতা মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, মাগুরা সদর উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, মাগুরা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মো. পিকুল শেখ, মাগুরা জেলা ছাত্রদলের ক্রীড়াবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম হৃদয় এবং বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবিনুজ্জামান কমিন।
এ ছাড়া স্থানীয় সমাজপতি ফিরোজ মণ্ডল, আব্দুর রাজ্জাক খান ও ফসিয়ার মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতা মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, এবারের শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীরও প্রশংসা করেন।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে হবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে। স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST