সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে সরকারি খাসজমি চাষাবাদকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। সংগঠনটির উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলী দাবি করেছেন, সেখানে আগে কোনো খেলার মাঠ ছিল না, এখনো নেই। জমিটি নিয়ে বিরোধ সম্পূর্ণ গ্রামকেন্দ্রীক, এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি নওকৈড় পূর্বপাড়া গ্রামে চার বিঘা সরকারি খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চাষ করে দখলের অভিযোগ ওঠে সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হেকমত আলী সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে।
প্রতিবাদ জানিয়ে অধ্যাপক শাহজাহান আলী বলেন, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় মৌজায় খাস খতিয়ানভুক্ত ৮২ বিঘা জমি রয়েছে। স্থানীয় মোনায়েম খান, সানোয়ার সরকার, ওমর সরকার, আল-আমিন, নুর বক্স, আনছব আলী গং ও হেকমত আলীসহ কয়েকজনের পূর্বপুরুষদের নামে এসব জমি রেকর্ডভুক্ত ছিল বলে তাঁদের দাবি। পরে জমিগুলো খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হলে গ্রামের লোকজন পূর্বপুরুষদের জমি হিসেবে দাবি করে চাষাবাদ করে আসছেন।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব জমিতে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়। তাঁর অভিযোগ, স্থানীয় নারী-পুরুষদের প্রতিবাদের মুখে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে এবং স্থানীয়দের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারেও পাঠানো হয়। আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় পূর্বে যারা চাষাবাদ করেছে তারাই পুনরায় চাষাবাদ করতে গেলে এটাকে একটি মহল রাজনৈতিক ট্যাগ দিয়ে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করেছে।
অধ্যাপক শাহজাহান আলী বলেন, এসব ঘটনার পরও গ্রামের লোকজন জমিগুলোতে চাষাবাদ অব্যাহত রেখেছেন। তাঁর দাবি, সেখানে আগে কোনো খেলার মাঠ ছিল না এবং জমি নিয়ে বিরোধের সঙ্গে জামায়াতের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
জামায়াতের পক্ষ থেকে দেওয়া প্রতিবাদে আরও বলা হয়, জমি নিয়ে বিরোধকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা ঠিক নয়। বিষয়টিকে গ্রামের অভ্যন্তরীণ বিরোধ হিসেবে বিবেচনা করা উচিত বলে মনে করে সংগঠনটি।
প্রতিবাদ জানানোর সময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম প্রধান, সলপ ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিনসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST