সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উত্তর গাজীনগর গ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উত্তর গাজীনগর পঞ্চায়েত কমিটি।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় গ্রামের বিলের পাড়ে গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়। পর্যায়ক্রমে পাঁচ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এ উদ্যোগের মাধ্যমে এলাকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাথারিয়া বাজারের ইজারাদার মো. আব্দুল মমিন, উত্তর গাজীনগরের ছুরতজ্জামান, পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী এবং কমিটির সদস্য আরজু মিয়া, আসকর আলী, আক্কাস মিয়া, হাফিজুর রহমান, এলখাছুর রহমান, নজরুল ইসলাম ও আলেক উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন জামাল আবু নাসের, দিলোয়ার হোসেন, আজমল হোসেন শাহীন, আসাদ আবেদীন, আফজল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা জানান, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। পরিকল্পনা অনুযায়ী পাঁচ হাজার বৃক্ষরোপণ ও সেগুলোর পরিচর্যা করা সম্ভব হলে এলাকার পরিবেশের উন্নয়ন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ উদ্যোগ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST