উল্লাপাড়া উপজেলার নওকৈর গ্রামে জমি চাষকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক উত্তেজনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে হেকমত নামে এক কৃষক।
তিনি বলেন, নওকৈর গ্রামে খাস খতিয়ানের ৮২ বিঘা জমি রয়েছে। পূর্বপুরুষের আমল থেকেই এই জমিগুলো গ্রামের মানুষ ভোগ করে আসছে। স্বাভাবিক ভাবেই এই জমিগুলো গ্রামের মানুষ চাষাবাদ করে। সে হিসেবে আমাদের বংশের মানুষজনও কিছু জমি চাষাবাদ করে। বিগত সরকারের আমলে এই জমিতে আশ্রয়ন প্রকল্প করার জন্য মাটি ভরাট করে কিন্তু পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি। জমিগুলো পূর্বে যারা চাষাবাদ করে আসছিল তারাই পুনরায় চাষাবাদ করতে গেলে গ্রামের কতিপয় লোকজন এটাকে খেলার মাঠ বলে দাবি করে এবং জামায়াতে ইসলামীকে ট্যাগ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। যা গ্রামের ঐক্য, সুনাম নষ্ট করে, গ্রামের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় যুব জামায়াতের ওয়ার্ড সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নোমান বলেন, আমরা ফুটবল খেলা টিম ছেড়েছিলাম কিন্তু হঠাৎ যে স্থানে খেলা হতো সেই স্থানে কতিপয় লোকজন এসে জায়গায় চাষ করে। বিগত সময় যারা চাষবাস করে খেতো সেই স্থানে আমরা খেলার বিষয়টি বলার পরেও তারা না থেমে চাষ করে। এ বিষয় নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি অনেকের নজরে আসে। কিন্তু কিছু কতিপয় লোকজন এই বিষয়টিকে রাজনৈতিক ট্যাগ দিয়ে আমাদের দলের ভিতরে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে নিউজ করে এবং আমার দল জামায়াতে ইসলামীর নাম ব্যবহার করে সুনাম নষ্ট করে। এটা কোন রাজনৈতিক বিষয় নয় এটা সম্পূর্ণ গ্রামের মানুষের বিষয়।
এ ব্যাপারে সলপ ইউনিয়ন জামায়াতের আমীর আলাউদ্দিন বলেন, জমি চাষাবাদকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা মোটেও কাম্য নয়। একটি কুচক্রী মহল গ্রামের একটি বিষয় রাজনৈতিক ট্যাগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিল।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : রায়হানুল ইসলাম বলেন, সরকারি খাসজমি যারা দখল করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST