নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশু কর্মচারীকে বলাৎকার: ফার্মেসি মালিক গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশু কর্মচারীকে বলাৎকারের (ধর্ষণ) অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৮ অক্টোবর, ২০২৬) রাতে উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন দুলাল জালশুকা গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে। তিনি স্থানীয় জালশুকা বাজারে ‘মা ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানের মালিক। ঘটনার শিকার শিশু মোঃ সাজ্জাদ হোসেন (১৩) ওই ফার্মেসিতে কর্মচারী হিসেবে কর্মরত ছিল।
ঘটনা সূত্রে জানা যায়, শিশুটির বাবা সোহেল মিয়া (৪৭) থানা অভিযোগ দায়ের করে জানান—রবিবার রাত অনুমান ৯.০০ ঘটিকার সময় তার ছেলে কাজ শেষে আসামি দুলালের বাড়িতে যায়। দুলালের স্ত্রী ও সন্তানরা বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরে দুলাল ও শিশু সাজ্জাদ একা ছিল। নৈশভোজ শেষে শিশুটি দুলালের বসতঘরের মাঝখানের রুমে ঘুমিয়ে পড়ে। রাত ৯.৩০ ঘটিকার দিকে দুলাল শিশুটিকে ডেকে নিজের বেডরুমে নিয়ে একই বিছানায় শুতে বলে।
পরবর্তীতে রাত ১০.০০ ঘটিকার দিকে ফার্মেসি মালিক দুলাল জোরপূর্বক শিশুটির পায়ুপথে বলাৎকার করে। ঘটনা শেষে দুলাল বাথরুমে গেলে শিশুটি কান্না করতে করতে শারীরিক যন্ত্রণায় হেলে-দুলে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে গিয়ে মা সাবিনা আক্তার ও বাবার কাছে কান্নার কারণ এবং পুরো ঘটনার বিবরণ দেয় শিশুটি।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী আসামি দুলালের বাড়ি ঘেরাও করে স্থানীয় শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রে খবর দেয়। সংবাদ পেয়ে তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলালকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। একই সাথে ভিকটিম শিশুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করে দ্রুত চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (OCC) পাঠানো হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভিকটিমের বাবা সোহেল মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা (এফআইআর নং-২৭, তারিখ: ১৯ অক্টোবর, ২০২৬) রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পূর্বধলা থানার এসআই শফিউল আলম।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST