সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার চামরদানি ইউনিয়নের ফুলকান্দা বাজার সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. তারেক (৩০)। তিনি চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের মো. হেকিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীনের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে বেড়িবাঁধের কাঁচা রাস্তায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় থাকা তারেকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তার দেহ তল্লাশি করে।
এ সময় তার পরনের লুঙ্গির কোচর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় উপ-পরিদর্শক উৎপল কুমার সাহা বাদী হয়ে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক মো. আব্দুল লতিফকে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পরে শনিবার সকালে গ্রেপ্তারকৃত যুবককে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST