প্রায় ১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন চট্টগ্রাম ইপিজেডের জেএমএস গার্মেন্টস লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। শুক্রবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে দীর্ঘদিনের পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, প্রায় ১৮ মাস ধরে তাদের বেতনসহ বিভিন্ন ধরনের পাওনা পরিশোধ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। বারবার যোগাযোগ ও আন্দোলন কর্মসূচি পালন করেও তাদের বিভিন্ন তারিখ দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
শ্রমিকদের ভাষ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গেলে পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত পাওনা পরিশোধে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
মানববন্ধনে এক শ্রমিক বলেন, “১৮ মাস ধরে আমরা অপেক্ষা করছি। বারবার আমাদের তারিখ দেওয়া হচ্ছে, কিন্তু পাওনা টাকা দেওয়া হচ্ছে না। আমরা কাজ করেছি, শ্রম দিয়েছি। আমরা কোনো অনৈতিক দাবি করছি না; আমরা শুধু আমাদের ন্যায্য পাওনা বুঝে পেতে চাই।”
আরেক শ্রমিক বলেন, “মালিকপক্ষের কাছে গেলে তারা কোনো সমাধান দিতে পারছেন না। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। তারপরও আমাদের পাওনা পরিশোধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে আমরা পরিবার নিয়ে চরম কষ্টে আছি।”
শ্রমিকরা আরও অভিযোগ করেন, জেএমএসের ব্যবসা থেকে মালিকপক্ষ অন্যান্য প্রতিষ্ঠান, বাড়ি-গাড়ি ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করলেও তাদের দীর্ঘদিনের পাওনা পরিশোধ করা হচ্ছে না। তবে মালিকপক্ষের বিরুদ্ধে করা এসব অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধন থেকে শ্রমিক-কর্মচারীরা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের সব বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ—বেপজার কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
শ্রমিকরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে তাদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিবেচনারও অনুরোধ জানান তারা।
মানববন্ধনে শ্রমিকরা বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য পাওনা চাই। ১৮ মাস ধরে অপেক্ষা করছি। এরপরও যদি পাওনা পরিশোধ করা না হয়, তাহলে বাধ্য হয়ে পরবর্তী কর্মসূচিতে যেতে হবে।”
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST