ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এলাকার বাসিন্দা মাহফুজ (২৮) ও জামাল (৪৫)। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার জসিম (৩০), চান মিয়া (৪০), সেলিম (৩৫) ও বরকত (৩২)। তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কারাগারের সামনে একদল সড়ক পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিক রাস্তার পাশে এবং একটি কর্মযানে অবস্থান করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কর্মযানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কর্মযানটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মাহফুজ ও জামাল ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাসচালক মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাদের দাবি, চালকের অসতর্কতা ও দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, নিহত মাহফুজ ও জামালের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ এলাকায় নিয়ে আসা হলে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার আসরের নামাজের পর তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে কুমারভোগ চৌরাস্তা মসজিদে কবরস্থানে তাদের দাফন করা হয়।
একই দিনে দুই কর্মজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে কুমারভোগ পুনর্বাসন এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST