রাজবাড়ী সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রকাশ্য স্থানে মদ পানরত অবস্থায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামির নাম ইয়াকুব সিকদার (৫৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর এলাকার মৃত ওহেদ আলী সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জনাব মঞ্জুর মোরশেদ-এর সার্বিক দিক-নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে মাদকবিরোধী এই অভিযান চালানো হয়।
গত ২ জুন (মঙ্গলবার) রাত ১১টার দিকে রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাকচী সঙ্গীয় ফোর্সসহ ধূলদি জয়পুরস্থ বাবু সেনের পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মদ পানরত অবস্থায় ইয়াকুব সিকদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আজ ৩ জুন (বুধবার) রাজবাড়ী জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামিকে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, আইনি বিধি মোতাবেক সাজাপ্রাপ্ত আসামিকে আজই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST