মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি পুরো শহর তথা আশপাশ এলাকা। জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের আনন্দ উল্লাসে ভরপুর। এদিকে দেখা যায়,দেড় মাসের মধ্যে আবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৭ জুন সিলেট বিভাগে সফরে আসছেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় বারের মতো সিলেট সফর।
এর আগে চলতি বছরের ২ মে সিলেট সফরে আসেন প্রধানমন্ত্রী। সে দিন সিলেট নগর ও সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন তিনি।
তবে ১৭ সিলেট জেলায় প্রধানমন্ত্রীর কোন কর্মসূচী নেই। ওই দিন মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচী সূত্রে জানা গেছে, ১৭ জুন সকালে তিনি বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে যাবেন শ্রীমঙ্গল। এরপর শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ শেষে সিলেট নগর হয়ে ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।
এসব তথ্য জানিয়ে সিলেট সিটি করর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সোমবার বলেন, ১৭ তারিখ মৌলভীবাজার আসছেন। তিনি ওই দিন বিকেলে রাজনগরে শেষ সমাবেশ করে সিলেট শহরের উপর দিয়ে বিমানে করে ফিরবেন। আমরা নগরবাসী তার ফিরতি যাত্রাকে সফল করতে প্রস্তুতি নিচ্ছি।
জানা গেছে, ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গত শুক্রবার (১২ জুন) সকালে সম্ভাব্য অনুষ্ঠানস্থল শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় ঢাকা ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বশীল প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ চলছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রঙের কাজ, মঞ্চ নির্মাণের প্রস্তুতি এবং পরিবেশ উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা পুরনো ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে বিভিন্ন ধরনের সাজসজ্জার কাজও এগিয়ে চলছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ওই দিন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।
শ্রীমঙ্গলের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ১৭ জুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি নিজ হাতে উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। শ্রীমঙ্গলে অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST