মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে এসআই (নিঃ) মো. শাহীন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোয়ালীমান্দ্রা বাজার জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে আব্দুর রহমান শিকদার (৪২) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা (শিকদার বাড়ি) এলাকার মৃত হালিম শিকদারের ছেলে।
এর আগে একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে এসআই (নিঃ) রাজীব সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শুভরিয়া এলাকায় অভিযান চালিয়ে বেলায়েত হাজীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে মো. রুবেল শেখ (২৮) নামে এক যুবককে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তিনি লৌহজং উপজেলার শুভরিয়া গ্রামের জব্বার শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে লৌহজং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST