সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামে বিকাশ দাসের বাড়ির ছাদে পুলিশ অভিযান চালিয়ে একাধিক গাঁজার গাছসহ তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মৃত নিধান দাসের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএমের নির্দেশে থানার এসআই ফরিদ আহমদসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হরিনগর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে বিকাশের বসতঘরের ছাদ থেকে কয়েকটি জীবিত গাঁজার গাছসহ বিকাশকে আটক করা হয়।
এ বিষয়ে সদর থানার ওসি রতন শেখ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সুনামগঞ্জ সদরকে মাদকমুক্ত করতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। যারা নিজের বাড়ির ছাদকে মাদক চাষের আখড়া বানাচ্ছে, তারা সমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে। আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে।”
তিনি আরও বলেন, “এই অভিযান তারই একটি অংশ। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী কেউই ছাড় পাবে না।”
ওসি রতন শেখ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের আশপাশে কেউ মাদক চাষ, মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে দ্রুত পুলিশকে তথ্য দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করলেই সুনামগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব।”
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST