মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতায় প্রায় ২০০ পরিবার মানবেতর জীবনযাপন করছে। সামান্য বৃষ্টিতেই বসতঘরে হাঁটুপানি জমে যায়। রান্না, বিশুদ্ধ পানির সংকট, সাপের উপদ্রব এবং বিভিন্ন রোগের আশঙ্কায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা সাহেলা বেগম বলেন, এর আগে অনেক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি এসেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা পানির মধ্যে খুব কষ্টে আছি। রান্না ঘরের ভেতরে রান্না করতে পারি না, টিউবওয়েল পানিতে তলিয়ে গেছে। সাপও ঘরে ঢুকে পড়ে। আমাদের বাঁচান।
শাহনাজ বেগম বলেন, ছোট ছোট সন্তান নিয়ে সবসময় আতঙ্কে থাকি। বৃষ্টি হলেই ঘরের ভেতরে হাঁটুপানি হয়ে যায়। দ্রুত একটি ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান খান জানান, বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন এবং পরবর্তী ইউএনও মো. নেছার উদ্দিনও ড্রেন নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দ্রুত সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন।
আরেক বাসিন্দা শাহ আলম বলেন, পানি কিছুটা কমলেই মশা-মাছির উপদ্রব বেড়ে যায়। এতে ডেঙ্গু, ডায়রিয়া, চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এ বিষয়ে কুমারভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল মাদবর বলেন, ড্রেন নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশা করছি।
কুমারভোগ ইউনিয়ন পরিষদের সচিব বলহরি বারৈ বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব বাজেট না থাকায় কাজটি করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন পাঠানো হবে। নতুন বাজেট বরাদ্দ এলে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে তাদের দুর্ভোগ বাড়লেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST