‘জনগণের অধিকার আদায়ে আন্দোলন চলবে’—এই ঘোষণা দিয়ে বর্তমান সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, দলীয়করণ ও প্রশাসনে প্রভাব বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে। আগের সরকারের পথে হাঁটলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, জনগণ তাদের অধিকার আদায় করেই ছাড়বে।
শুক্রবার (৯ অক্টোবর) পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে টাউন স্কুল মাঠে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে জুলুম-নির্যাতনের প্রতিবাদ, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা, ন্যায়বিচার এবং একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার দাবিতে চলমান আন্দোলন কোনো নির্দিষ্ট দলের জন্য নয়। জনগণ পরিবর্তনের প্রত্যাশা করলেও তা এখনও পুরোপুরি পূরণ হয়নি। দেশকে আবার একদলীয় শাসনের দিকে নেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনের প্রথম পর্বে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের পরিচালনায় ২০২৭-২৮ সেশনের জন্য জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রোকন গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুর রব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পটুয়াখালী জেলা আমীর ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি জহিরুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ভাণ্ডারিয়া থানা আমীর মাওলানা আমির হোসাইন খান এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী গান পরিবেশন করেন।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, সংগঠনের সব পর্যায়ের জনশক্তিকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে জনমত গড়ে তুলতে হবে। পিরোজপুরের গ্রাম ও পাড়া-মহল্লায় সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের প্রত্যাশিত প্রার্থীদের নির্বাচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শুরাভিত্তিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামীর এই পদ্ধতিতে কোনো ধরনের প্রচার, দলাদলি বা গ্রুপিং থাকে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের কোনো কোনো নেতা অভিযোগ করেন তাকে নাকি এলাকায় দেখা যায় না। অথচ যারা এ কথা বলেন, তাদের কেউ কেউ রাতেই তার কাছে গিয়ে কাবিখা ও টিয়ারের জন্য ধরনা দেন।
সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে এক সিনিয়র সাংবাদিকের মন্তব্যের প্রেক্ষিতে তিনি আরও বলেন, যারা সাংবাদিকতার নামে রাজনীতি করতে চান, তারা সাংবাদিকতা ছেড়ে মাঠে নেমে রাজনীতি করুন। সাংবাদিকতার মতো পবিত্র পেশায় থেকে রাজনীতিকের মতো কথা না বলার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST