প্রকাশ: ২১ নভেম্বর ২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কৃষিতে দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। গত ২৪ ঘণ্টার অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে জমেছে পানি। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বিশেষ করে মাঠে কেটে রাখা ভেজা ধান ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমেছে। কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।
মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। ফলে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।
কালীগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চলের জমিতে জলাবদ্ধতা সৃষ্টিতে এতে মাঠে কেটে রাখা আমন ধান এবং নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST