চট্টগ্রামের পটিয়া উপজেলার পাহাড়ি এলাকায় কৃষক ও শ্রমিক অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাসে ২৫ থেকে ৩০ জন কৃষক ও শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। অপহৃতদের পরিবারের কাছে ৭০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হচ্ছে।
উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় কৃষক ও শ্রমিক অপহরণের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, গত মঙ্গলবার বিকেলে ১৫-১৬ জনের একটি সশস্ত্র দল পাহাড়ি বাগানে কাজ করতে যাওয়া কৃষক ও শ্রমিকদের জিম্মি করে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ জনকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতদের কয়েকজন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও এখনো অনেকের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীমাই অগ্নিছড়া এলাকায় এ ঘটনা ঘটে। কৃষকরা প্রতিদিনের মতো পাহাড়ের বাগানে কৃষিকাজ করতে গেলে সশস্ত্র ব্যক্তিরা তাদের ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের প্রায় ৩০ থেকে ৪০ ফুট উঁচু গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাদের হাত-পা বেঁধে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
স্থানীয় কৃষক আবদুল আলম (৫০) জানান, মঙ্গলবার সকালে তারা কৃষিকাজের জন্য পাহাড়ের বাগানে যান। বিকেলের দিকে ১৫-১৬ জন অস্ত্রধারী এসে তাদের জিম্মি করে। অপহরণকারীদের হাতে লম্বা কিরিচ, দা ও ছুরি ছিল। পরে প্রায় ২৫ থেকে ৩০ জন কৃষক ও শ্রমিককে জোরপূর্বক ধরে পাহাড়ের গভীরে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে সুযোগ বুঝে কয়েকজন পালিয়ে আসেন।
একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এক কৃষক জানান, অপহরণকারীরা সবাই বাঙালি এবং অস্ত্রধারী। তাদের অভিযোগ, প্রায় দুই মাস আগেও একইভাবে দুই থেকে তিনজন কৃষককে অপহরণ করা হয়েছিল। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে একই কায়দায় কৃষকদের অপহরণের ঘটনায় পাহাড়ি বাগানে কাজ করতে যাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অপহৃতদের একজন জসিম উদ্দিন (৪৫)। তিনি হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির বাড়ি এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলের সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
জসিম উদ্দিনের প্রতিবেশী ও বাগানমালিক তৌহিদুল আলম জানান, তাঁর বাগানে মাল্টা, লেবু, কলা ও লিচুসহ বিভিন্ন ফলের চাষ হয়। প্রায় ১০ হাজার লেবুগাছের একটি বাগান রয়েছে। জসিম সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার অন্য একজনের বাগানে কাজ করতে গিয়ে তিনি অপহরণের শিকার হন।
তৌহিদুল আলমের দাবি, অপহরণকারীরা বিভিন্ন পরিবারের কাছে মোবাইল ফোনে ৭০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করছে। হাইদগাঁও ইউনিয়নের দুয়ারপাড়া এলাকার নাসির, কালু ও আবদুল মান্নান নামের তিন কৃষকের মুক্তির জন্য জনপ্রতি ৩০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে পাঠানোর কথা বলেও টাকা পাঠানোর পর অপহরণকারীদের দেওয়া মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে টাকা পাঠানোর পরও তাঁদের মুক্তি কিংবা অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বাগানমালিক শহিদুল ইসলাম জানান, অপহরণকারীরা বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে কারও কাছে ৭০ হাজার, আবার কারও কাছে এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে। এভাবে চলতে থাকলে পাহাড়ি বাগানে কৃষিকাজ ও ফলের বাগান পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
পরিবার ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাইদগাঁও ইউনিয়নের আমির বাড়ি এলাকার দিনমজুর জসিম উদ্দিন (৪৫), দুয়ারপাড়া এলাকার দিনমজুর ফরমায়ান উদ্দিন (৩৫), একই এলাকার দিনমজুর আবদুল মান্নান (৪৮)সহ আরও কয়েকজন। অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসা ব্যক্তিদের মধ্যে কৃষক আবদুল আলম (৬৬) ও ইছহাক (৪৫) রয়েছেন। তবে অপহৃতের প্রকৃত সংখ্যা, পালিয়ে আসা ব্যক্তিদের সংখ্যা এবং এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কৃষক ও বাগানমালিকদের অভিযোগ, হাইদগাঁওসহ পটিয়ার পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তৎপরতা রয়েছে। তাঁদের দাবি, পাহাড়ি বাগানে কাজ করতে যাওয়া কৃষকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা নতুন নয়। দ্রুত পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো, অপহরণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং অপহৃত কৃষক-শ্রমিকদের নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, বিষয়টি অবগত হওয়ার পর অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ কাজ করছে। ডিবি টিমও কাজ করছে। তবে অপহৃতদের অবস্থান শনাক্ত কিংবা উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তিনি জানাননি।
কৃষক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST