ট্রেন বদলানোর ঝামেলা ছাড়াই যেতে পারবেন জানুন পুরো কৌশল!
গাজীপুর কিংবা জয়দেবপুর থেকে গোপালগঞ্জ যেতে চান? তাহলে আপনার জন্য রয়েছে বেশ চমৎকার একটি সুবিধা। অনেকেই মনে করেন, জয়দেবপুর থেকে গোপালগঞ্জ যেতে হলে ঢাকায় এসে ট্রেন পরিবর্তন করতে হবে। কিন্তু বিষয়টি আসলে এমন নয়। জয়দেবপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার সময় একই ট্রেনে বসেই পুরো পথ যাওয়া সম্ভব!
এর পেছনে রয়েছে রেলওয়ের একটি বিশেষ অপারেশনাল ব্যবস্থা। জয়দেবপুর কমিউটার-৪ এবং অভিযাত্রী কমিউটার-১৩৬ একই রেক অর্থাৎ একই কোচ (বগি) দিয়ে পরিচালিত হয়। ফলে জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুরে পৌঁছানোর পর যাত্রীদের ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে উঠতে হয় না। কমলাপুরে কিছু সময় অবস্থানের পর একই রেকের সার্ভিস পরিবর্তন হয়ে অভিযাত্রী কমিউটার হিসেবে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে।
যাত্রার পুরো প্রক্রিয়াটি খুব সহজ। জয়দেবপুর জংশন থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ‘জয়দেবপুর কমিউটার-৪’ ছেড়ে টঙ্গী, ঢাকা বিমানবন্দর, বনানী ও তেজগাঁও হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা। জয়দেবপুর থেকে ওঠার সময় শুধু ঢাকা পর্যন্ত টিকিট সংগ্রহ করবেন।
এরপর কমলাপুরে ট্রেনটি প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট অবস্থান করবে। এই সময়ের মধ্যেই একই রেকের সার্ভিস পরিবর্তন হয়ে ‘অভিযাত্রী কমিউটার-১৩৫ হবে। তাই ট্রেন পরিবর্তনের কোনো ঝামেলা নেই—আপনি যে বগিতে জয়দেবপুর থেকে উঠেছেন, সেই বগিতেই বসে গোপালগঞ্জের যাত্রা চালিয়ে যেতে পারবেন।
বিঃদ্রঃ জয়দেবপুর কমিউটার ৪ অধিকাংশ সময় কিছুটা বিলম্ব নিয়ে চলাচল করে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে ট্রেন একই হলেও টিকিট আলাদা করতে হবে। জয়দেবপুর থেকে ঢাকার টিকিট নেওয়ার পর কমলাপুরে অবস্থানকালীন কাউন্টার থেকে ঢাকা-গোপালগঞ্জের আলাদা টিকিট সংগ্রহ করতে হবে। অর্থাৎ ট্রেন একই, কিন্তু দুই অংশের যাত্রার জন্য টিকিট হবে আলাদা।
এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার-১৩৬ কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছানোর কথা।
আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই সুবিধাটি শুধু জয়দেবপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার সময় প্রযোজ্য। অর্থাৎ জয়দেবপুর → ঢাকা → গোপালগঞ্জ যাত্রায় একই রেকে পুরো পথ যাওয়া যাবে। কিন্তু গোপালগঞ্জ থেকে ঢাকার দিকে ফেরার সময় একই নিয়ম প্রযোজ্য নয়। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ‘অভিযাত্রী কমিউটার’-এর সর্বশেষ গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর পৌঁছানোর পর ট্রেনটি আর জয়দেবপুরের দিকে যাবে না। তাই গোপালগঞ্জ থেকে জয়দেবপুর বা গাজীপুর যেতে হলে কমলাপুরে নেমে পরবর্তী অন্য কোন ট্রেনের মাধ্যমে আলাদাভাবে যাত্রা করতে হবে।
অর্থাৎ বিষয়টি এক কথায়—জয়দেবপুর থেকে গোপালগঞ্জ যেতে ট্রেন বদলানোর প্রয়োজন নেই, কিন্তু গোপালগঞ্জ থেকে জয়দেবপুর ফিরতে হলে কমলাপুরে ট্রেন পরিবর্তন করতে হবে।
গাজীপুর ও জয়দেবপুরের যাত্রীদের জন্য এটি নিঃসন্দেহে বেশ সুবিধাজনক একটি ব্যবস্থা। যারা এতদিন ঢাকায় এসে ট্রেন পরিবর্তনের ঝামেলার কথা ভেবে গোপালগঞ্জ যাওয়ার পরিকল্পনা করতেন না, তাদের জন্য এই তথ্যটি বেশ কাজে আসতে পারে।
তথ্যটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করুন—হয়তো আপনার একটি শেয়ারেই কোনো যাত্রীর অযথা ট্রেন বদলানোর ঝামেলা বেঁচে যাবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST