রাজবাড়ীতে ১০৫ একর জমির ওপর প্রস্তাবিত রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপের সম্ভাব্য স্থানসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তিনি বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দান, আজাদী ময়দানের হোসনেবাগ অডিটোরিয়াম, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এবং ক্যারেজ ওয়ার্কশপের সম্ভাব্য স্থানসমূহ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাজবাড়ীকে ‘রেলের শহর’ উল্লেখ করে সচিব বলেন, জেলায় রেলের প্রচুর জমি ও প্রয়োজনীয় স্থাপনা রয়েছে। এসবের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে কাজ এগোনোর পরিকল্পনা চলছে। তিনি আরও জানান: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে রেলওয়ে খেলার মাঠের মালিকানা বজায় রেখে উন্নয়নের প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ‘কালচারাল কমপ্লেক্স’ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
অগ্রাধিকারমূলক ক্যারেজ ওয়ার্কশপ প্রকল্পের জন্য ১০৫ একর জমি প্রয়োজন, যেখানে শ্রমিকদের আবাসন ব্যবস্থা থাকবে। প্রকল্পটি বাস্তবায়নে চীনের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা হয়েছে, যা প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক চীন সফরেও উপস্থাপন করেছেন।
স্টেশনটি দক্ষিণমুখী করে আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে, যা আলাদা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এছাড়া উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে।
পরিদর্শনকালে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST