

ফাহাদ মোল্লা
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ছয় বছরের এক শিশু কন্যা। নিহত শিশুর নাম আরবী ইসলাম। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনী বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরবী ইসলাম স্থানীয় বেতকা আদর্শ মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। সেদিন দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সিরাজদিখান–মুন্সীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অতিক্রমের সময় ঢাকা মেট্রো-১৫-০৫৬৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে আটক করে। একপর্যায়ে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ক্ষুব্ধ জনতা বাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে রাখে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টংগিবাড়ী থানা পুলিশ। পুলিশ বর্তমানে মহাসড়কে অবস্থান নিয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে। বাসের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।
মাত্র ছয় বছরের শিশু কন্যা আরবী ইসলামের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। এলাকার সর্বস্তরের মানুষ ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক” বলে অভিহিত করেছেন। নিহতের সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
স্থানীয়দের দাবি, মহাসড়কটিতে প্রায়ই বেপরোয়া গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST