নাজমুল হোসেন, রাজ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কফিলউদ্দিন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন তিন মোটরসাইকেল চালক। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম চলাকালে এই দণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সংকটের মুখে দৌলতদিয়া কফিলউদ্দিন ফিলিং স্টেশনে তেল সংগ্রহের জন্য কয়েক হাজার মোটরসাইকেল চালক ভিড় জমান। স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে এবং তেল বিতরণ কার্যক্রম স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মনিটরিং শুরু হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে তিন চালককে আটক করা হয়।
আইনি ব্যবস্থা ও জরিমানা:
আটককৃত চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আদালত তিন চালককে সর্বমোট ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর রহমান খান বলেন, “লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এবং শৃঙ্খলা নিশ্চিতে উপজেলা প্রশাসনের এই মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST