রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং দায়-দায়িত্ব নির্ধারণের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গতকাল ০৫ জুন ২০২৬ (২২ জ্যৈষ্ঠ ১৪৩৩) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, গঠিত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ছিল ‘এসবি সুপার ডিলাক্স পরিবহন’-এর। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্ব নির্দেশনা অনুযায়ী, ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বেই সকল যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়মটি সেখানে কঠোরভাবে পালন করা হচ্ছিল। নিরাপত্তা বিধানটি যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় বাসটি নদীতে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল যাত্রী অক্ষত ও নিরাপদ রয়েছেন।
গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোহাম্মদ রফিকুল করিম এনডিসি-কে আহ্বায়ক এবং সিনিয়র সহকারী সচিব জনাব মো: জাকির হোসেন-কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন: ১. আহ্বায়ক: জনাব মোহাম্মদ রফিকুল করিম এনডিসি, যুগ্মসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়। ২. সদস্য: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এর একজন উপযুক্ত প্রতিনিধি। ৩. সদস্য: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (BIWTC) এর একজন উপযুক্ত প্রতিনিধি। ৪. সদস্য সচিব: জনাব মো: জাকির হোসেন, সিনিয়র সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়।
সরকারি আদেশ অনুযায়ী, এই কমিটিকে মূলত তিনটি প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে:
(ক) সংগঠিত দুর্ঘটনার মূল কারণ উদ্ঘাটন এবং দায়-দায়িত্ব নির্ধারণ করা;
(খ) ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রতিকারমূলক ব্যবস্থা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা;
(গ) দুর্ঘটনা প্রতিরোধ এবং ঘাট ব্যবস্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে অন্যান্য বিষয়ে সুপারিশ প্রদান।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিটি প্রয়োজনে কাজের সুবিধার্থে নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে এবং অন্য যেকোনো সংস্থা বা ব্যক্তির প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST