“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নড়াইলের যৌথ উদ্যোগে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (০৬ জুলাই, ২০২৬) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. আব্দুল ছালাম। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরডিবি-এর উপপরিচালক মোঃ গোলাম রছুল-এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাফল।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি নড়াইলের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কাজী খালিদ হাসান, ডিপিও সুজন কুমার পোদ্দার, এআরডিও মোঃ জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. আব্দুল ছালাম বলেন, “গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই পল্লী উন্নয়নের মূল লক্ষ্য। সরকারের পাশাপাশি স্থানীয় সমবায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামীণ জনপদে দারিদ্র্য বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিআরডিবি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।” তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রামীণ জনপদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে গ্রামীণ জনপদের মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে। বিআরডিবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তৃণমূলের মানুষের ভাগ্যবদল সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে বিআরডিবির বিভিন্ন সমবায় সমিতির সফল সদস্যদের মাঝে শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করা হয়।