রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত কয়েক দিন ধরে সড়কের পাশে পড়ে থাকা পরিচয়হীন এক অন্তঃসত্ত্বা ও বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্বাস্থ্য বিভাগের সম্মিলিত তৎপরতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে গত তিন-চার দিন ধরে ওই নারীকে অবস্থান করতে দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা রনি হোসেন জানান, ওই নারী কারো সাথে কথা বলতেন না এবং দিনরাত সেখানেই অবস্থান করতেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় অসহায় অবস্থায় ওই নারীকে তার নজরে আসে। তিনি বলেন, “মানবিক কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের নির্দেশ প্রদান করি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে জানাই।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, ওই নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় জানা গেছে, তিনি প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারী বারবার হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তার ও অনাগত সন্তানের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST