মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মধ্যনগর থানার উদ্যোগে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে ১ নং দক্ষিণ সুনামগঞ্জ উত্তর ইউনিয়ন বিটের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এটিএম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী তালুকদার।
এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় ওসি এটিএম শাহাবুদ্দিন শাহিন বলেন, পুলিশ একা সমাজ থেকে অপরাধ দূর করতে পারবে না। আপনারা তথ্য দিন, আমরা ব্যবস্থা নেব। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। সমাজকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, আমরা যদি এখনই সচেতন না হই,তাহলে আমাদের সন্তানরা মাদকাসক্ত হয়ে পড়বে। মাদক শুধু একটি পরিবারকে ধ্বংস করে না, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের কারণেই এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বাড়ছে। তাই যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব। সভা শেষে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST