মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেছেন, মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে। মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওসি কামরুল হাসান বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নাউরি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন আলাল, নাউরিয়া আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন মোল্লা শিমুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার।
এ সময় ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান কিরণ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল প্রধান, সাবেক সভাপতি বিল্লাল হোসেন শান্ত, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে মাদকবিরোধী র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ও সমাবেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST