সারাদেশের মতো রাজবাড়ীতেও বাড়ছে হামের প্রকোপ। রাজবাড়ী সদর হাসপতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ১৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল পর্যন্ত ১০ জন শিশু ভর্তি ছিল। নতুন ৫ জনসহ মোট ১৫ জন শিশুর মধ্যে ১ জন সুস্থ হয়ে গত বৃহস্পতিবার বাড়ি ফিরে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ১৪ জন শিশু ভর্তি আছে।
রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৩৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চলতি বছরেই ভর্তি হয়েছে ৬৫ জন। ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত জেলায় ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, তবে তারা সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ জানান, “চলতি বছরে আমরা ৬৫ জন সন্দেহজনক রোগী পেয়েছি। তবে আক্রান্তদের অধিকাংশই দ্রুত সুস্থ হয়ে উঠছে।”
তিনি আরও জানান, হামের প্রকোপ নিয়ন্ত্রণে গত ২০ এপ্রিল থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। এই কর্মসূচির আওতায় জেলার ১ লক্ষ ১৭ হাজার ৬৬০ জন শিশুকে হামের বিশেষ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST