রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ও খানখানাপুর ইউনিয়নের সীমানায় মরা গাঙের ওপর ১০ বছর আগে নির্মাণ করা হয়েছিল একটি সরকারি ব্রিজ। কিন্তু দীর্ঘ এক দশকেও তৈরি হয়নি কোনো সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড)। ফলে দুই ইউনিয়নের সংযোগস্থলে থাকা এই ব্রিজটি এখন স্থানীয়দের জন্য কেবলই এক ‘অভিশপ্ত স্থাপনা’ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজ থাকলেও রাস্তা না থাকায় ১০ গ্রামের মানুষকে নিচে কাঁদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, ব্রিজ নির্মাণের সময় পরিকল্পনার অভাব ছিল এবং বর্তমানে রাস্তার জমি নিয়ে স্থানীয়দের বিরোধ ও সরকারি জায়গা দখল হয়ে থাকায় সংযোগ সড়কটি করা যাচ্ছে না। এ বিষয়ে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আম্বিয়া বেগম জানান, বিষয়টি সরজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, এলজিইডি-র উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, ব্রিজটি তাদের আওতাভুক্ত কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অচল এই ব্রিজটির দুই পাশে দ্রুত রাস্তা নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করার দাবি এখন কয়েক হাজার মানুষের।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST