সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের এরালিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে।
স্থানীয় ও আহতের স্বজনরা জানান, ৬০ বছর বয়সী তাজুল ইসলাম সারাদিন কাজ শেষে পাশের ছোয়াপুর গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে পাওনা ৫০ হাজার টাকা দিতে যাচ্ছিলেন। পথে এরালিয়া গ্রামে সাইফুলের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে তার ওপর হামলা চালানো হয়।
অভিযোগে জানা যায়, একই গ্রামের বশির মিয়ার ছেলে সাইফুল ইসলাম, সাফিকুল ইসলাম, সাইফুলের স্ত্রী জরিনা বেগম ও তার মা মিনারা বেগম মিলে ধারালো দা ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান। হামলাকারীরা তার মাথা ও নাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তার কোমরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন স্বজনরা।
পরে আহত তাজুল ইসলামের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহতের স্বজনরা আরও জানান, তাজুল ইসলামকে হত্যার পূর্বপরিকল্পনা নিয়েই হামলা চালানো হয়েছে। তাকে কুপিয়ে জখম করে পাশের বনের ঝোপে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হামলাকারী ও ভুক্তভোগী একই গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে আহত তাজুল ইসলামের ছেলের স্ত্রী তামান্না বেগম বলেন, “আমার শ্বশুর হুসনপুর গ্রামে আমাদের এক স্বজনের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে পাশের বাড়ির সাইফুল ইসলাম, সাফিকুর রহমান, জরিনা বেগম ও মিনারা বেগম পূর্বপরিকল্পিতভাবে দা ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে।” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আরিফ উল্লাহ জানান, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST