শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভায় পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরসভার ১৩টি পূজামণ্ডপে মীরকাদিম পৌর বিএনপির পক্ষ থেকে আর্থিক উপহার দেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৬টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিসভা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলাঘাট হরিসভা কেন্দ্রীয় পূজামণ্ডপের সভাপতি শ্রীযুক্ত নকুল চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ জসিম উদ্দিন আহম্মেদ, মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান ও সহসভাপতি তাইজুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক রাজু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম নয়ন, সাবেক পৌর ছাত্রদল নেতা খসরু নোমান, মীরকাদিম পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।
মতবিনিময় সভায় মীরকাদিম পৌরসভার ১৩টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মীরকাদিম পৌরসভার ১৩টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে উপহার দেওয়া হয়। মীরকাদিম পৌর বিএনপির পক্ষ থেকে আলহাজ জসিম উদ্দিন আহম্মেদ এ উপহার প্রদান করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST