মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হলদিয়া বাজার মসজিদ সংলগ্ন শেখ টেলিকমের সামনে হলদিয়া থেকে গোয়ালীমান্দ্রাগামী সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টংগীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের নর্দা গ্রামের আবুল হোসেনের ছেলে হোসাইন শাওন (২৫) ও একই গ্রামের মনির বাগজার ছেলে রহমত উল্লাহ ওরফে মুন্না (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার (এসআই) মো. নাদিম মুন্সী। এ সময় তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST