মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এলাকায় পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লৌহজং উপজেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, ওজন মাপাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পের টিম লিডার নাজরিন আক্তার জানান, আমরা রোগীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করছি। বিশেষ করে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।
চিকিৎসা নিতে মোঃ ইসমাইল বেপারী (৫৫) বলেন, ফ্রি চিকিৎসা পেয়ে আমরা খুবই খুশি। তবে যদি ওষুধের ব্যবস্থাও থাকত, তাহলে আরও উপকার হতো।
অন্য এক নারী রোগী সনিকা বিবি (৬০) বলেন, আমি ডায়াবেটিস পরীক্ষা করতে এসেছি। তারা ভালো কাজ করছে। এর আগেও আমাদের অনেক সাহায্য করেছে।
স্বেচ্ছাসেবক মো. দিসাদ বলেন, আমরা সব সময় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST