সোমবার (২০ এপ্রিল) ভোর আনুমানিক পাঁচটার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা নেক মহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে তার বুকে ও পিঠে একাধিক গুলি লাগে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেখান থেকে গুলির চারটি খোসা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এর আগেও মুকুল হোসেনকে লক্ষ্য করে দুই দফা বোমা হামলার ঘটনা ঘটেছিল। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ওসি উত্তম কুমার দাস জানিয়েছেন, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST