সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় সদর উপজেলার ধানবান্ধি এলাকায় কলেজের ইংরেজি বিভাগের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও ২য় বর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদের যৌথ সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে।
এতে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মির্জা সুলতান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শরিফ-উস সাইদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জীবনের এই অধ্যায় শেষ হলেও বাস্তব জীবনের সংগ্রাম এখান থেকেই শুরু। সততা, পরিশ্রম ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব।
বিদায়ী শিক্ষার্থীরা কলেজ জীবনের স্মৃতি তুলে ধরে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগঘন মুহূর্তে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST