চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ এবং অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জেসমিন বেগম ও তার সহযোগী কামরুল হাসান মিদুল।
বৃহস্পতিবার রাতে উপজেলার পলশা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, অভিযুক্তরা খাদ্যবান্ধব কর্মসূচির আদলে চাল বিতরণ করছিলেন, তবে সেটি বৈধ কিনা তা আদালত নির্ধারণ করবেন।
উল্লেখ্য, জেসমিন বেগম ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা দুস্থদের জন্য ভুয়া কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে আনুমানিক ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST