রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিন ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন ব্যাপারী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আঃ মজিদ ব্যাপারীর ছেলে।
আহতরা হলেন একই গ্রামের মৃত ছালেক শেখের ছেলে রিয়াজ শেখ (৫০) ও আদম কাজীর ছেলে কালাম কাজী (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে সিলেটগামী মামুন পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে পিষ্ট হয় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা বাসটি আটকে ভাঙচুর চালালে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সৈয়দ আল মামুন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি দৈনিক প্রতিদিনের কাগজ রাজবাড়ী প্রতিনিধিকে মুঠো ফোনে নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST