‘রশি লাগলে রশি নে,
খুনীদের ফাঁসি দে’ – এই শ্লোগানে রামিসা হত্যার খুনি সহ সকল বোনদের ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা।
শুক্রবার (২২ মে) বাদজুমা এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় মার্কাজ মসজিদের খতিব মাও: ওবায়দুল হকের সভাপতিত্বে সমাবেশে শিশু রামিসার চাচা জাকির হোসেন লিমন মোল্লা, মধ্যবাজার রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ ইসমাঈল হোসেন, গড়কান্দা মসজিদের ইমাম ও খতিব মাও: মাহমুদুল হাসান, মুফতী উমর ফারুক ফয়েজি, উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, মডেল মসজিদের ইমাম ও খতিব তৈয়ব আলী আকন্দ, উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম সামিদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি, মাও: মাহাদী হাসান সিদ্দিকীসহ ওলামায় কেরামগণ বক্তব্য রাখেন। এ সময় তারা দ্রুত রামিসার খুনি সহ অন্যান্য ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবি জানায়।
পরে উপজেলা পরিষদের সম্মুখ সড়ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আড়াইআনি কালেমাচত্বর এসে বিক্ষোভ মিছিলটি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এ ছাড়া বিকেল ৪টায় একই দাবিতে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে মানববন্ধন করে প্রথম আলো বন্ধু সভা ও রামিসার পরিবার। এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে শিশু রামিসার চাচা ও তার চাচি এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST